
নীল নিঃশ্বাস
একটি জীবনধর্মী উপন্যাস নীল নিঃশ্বাস। প্রেম, ভালোবাসা, পরিবার, সমাজ, মিথ্যা, সত্য নিয়ে গতানুগতিক ধারায় গল্প শুরু হয়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতায় গিয়ে পৌঁছেছে এর গল্প। যেখানে প্রেম, বিরহ এবং প্রতারণা ছাপিয়ে মানবতাই জীবন হয়ে ওঠে। একজন নারী নির্ভর উপন্যাস নীল নিঃশ্বাস এক পর্যায়ে পরিবার ও সমাজের নেতৃত্ব হয়ে ওঠে। প্রিয়মানুষের কাছে ঠকে গিয়ে অর্পা মানুষ প্রেমে নিজেকে সঁপে দেয়। নীরব এক যুদ্ধ করে যায় প্রিয়সম্পর্কের সাথে। যেখানে হার, জিৎ সময় নির্ধারণ করে দেয়। কিন্তু এর মাঝে উপন্যাসের মূল চরিত্র অর্পা একটি সমাজ বদলের পথে হাঁটে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতির উপর পড়াশোনা করা মেয়েটা প্রথমে একটি পিছিয়ে পড়া অনুন্নত ও দরিদ্র গ্রাম এবং গ্রামের মানুষের জীবন ও অর্থনীতি বদলাতে থাকে। গণতন্ত্রের সাথে সমাজতন্ত্র ও পুঁজিবাদের সংমিশ্রণে মুক্তবাজার অর্থনীতির সাথে সংযোগ স্থাপন করে ডিজিটাল সুবিধাকে কাজে লাগিয়ে কীভাবে একটি মানবিক ও উন্নত অর্থনৈতিক সমাজ গড়ে তোলা যায় তা এই উপন্যাসে মডেল আকারে তুলে ধরা হয়েছে। যা মানুষের সময় ও শ্রম কাজে লাগিয়ে পরিবর্তন করতে থাকে মানুষের জীবন ও দৃষ্টিভঙ্গি। যেখানে শুধু থিউরি নয় হাতে কলমে শিখিয়ে, দেখিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছে জীবনের ব্যাবহারিক বাতাবরণ ও সফলতার সোপান। দক্ষ করে তোলা হয়েছে কিশোর বয়স থেকে শুরু করে তরুণ প্রজন্মসহ সকল নারী ও পুরুষকে। কর্মমূখী করা হয়েছে একটা আলস্য সমাজকে। উপন্যাসের মাঝপথ থেকে শুরু হয় অর্পার সঙ্গে সঙ্গে একটি গ্রামের প্রতিটি মানুষের নিজেকে নতুন মেরুকরণে আবিষ্কার করার ও চেনার এক কার্যকর নতুন অধ্যায়। যা পড়তে পড়তে পাঠকেও জীবনমুখী আনন্দ যাপনে এবং দুঃখ জয়ের রসদ জোগাবে। আপনাকে আমাকে আরও বেশি মানুষ থেকে মানবিক হতে শেখাবে। প্রতারিত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকা নয়। জীবন গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় শেখাবে। ভালোবাসাকে এক থেকে সহস্র এবং কোটিতে বিলিয়ে দিয়ে নিজের জীবনকে কীভাবে পৃথিবীর বুকে সাফল্যের উজ্জ্বল দ্যোতিতে আলোকময় করা যায় তার উদাহরণ হতে শেখাবে। নুয়ে পড়া আপনার মধ্যেও কেমন শক্তির বিস্ফোরণ রয়েছে তা উপন্যাসটি পড়লে বুঝতে পারবেন। দেখবেন ধুঁকে ধুঁকে মৃত্যু নয়। পিছিয়ে পড়া একটা জাতিকে কীভাবে সেরা জাতিতে পরিণত করা যায় তার কার্যকর প্রচেষ্টা ও সফলতার দিকনির্দেশনা। দেখবেন একটা শব্দ " মাহির্পা" কেমন করে বিশ্বদরবারে নিজেকে সু-সফল ও এক মহাবিস্ময় হিসেবে সু-প্রতিষ্ঠিত করে। উপন্যাসের গল্পের বাঁকে বাঁকে খুঁজে পাবেন আপনাকে। আপনার ব্যর্থতা এবং সফলতাকে। খুঁজে পাবেন আপনার শহর ও গ্রামকে। আপনার ইচ্ছে ও স্বপ্নগুলোকে। খুঁজে পাবেন জীবনের সত্যিকারের মানে। বুঝতে পারবেন জীবন মানে একার নয় সকলের মাঝে আপনি। নীল নিঃশ্বাস উপন্যাস একটি পরিকল্পিত ও সুসফল মডেল তৈরি করে দেখিয়েছেন লেখক। যা একটি একটি করে সাতটি গ্রামকে শহর ছাপিয়ে পৃথিবীর জন্য উন্নয়নের মডেলরূপে সুপ্রতিষ্ঠিত করেছে। যা দেশ তথা জাতীর জন্য একটি মাইলফলক। যে উপন্যাস শুধু বিনোদন নয়। একটি জীবন দর্শন। পড়ে দেখুন নীল নিঃশ্বাস উপন্যাস শুধু একটা গল্প না হয়ে কীভাবে একটা পরিপূর্ণ জীবন হতে পারে। হতে পারে একটি স্বপ্ন পূরণের সফল মাইলফলক একটি জাতির জন্য। ~ নাজনীন নাহার