কবিতা
বুভুক্ষু গণতন্ত্র
২০/১১/২০২৫
কবিতা
গনতন্ত্র
স্বাধীনতা
প্রহসন
বুভুক্ষু গণতন্ত্র!
৩১.১০.২০২৪
সুখের নাম বনস্পতি রেখে উড়ে যায় সন্ধ্যাতারা,
রাতের নামকরণ করা হয় জোনাকির আলো!
শব্দের সুইমিংপুলে হুড়মুড় করে নেমে পড়া জোছনার নর্তকীরা,
উলুবনে মুক্তো ছড়ানোর মতো;
সবুজ বনে শুরু করে দেয় ক্ষণজন্মা শুভ্র কাশফুলের গড়াগড়ি!
সময়ের কার্পেটে বাহারি নকশার কারুকার্যখচিত সরকার ব্যবস্থার মতো,
গণতন্র বুভুক্ষু জনগোষ্ঠীর পাকস্থলীতে জমতে থাকে বৃষ্টিবিহীন নিস্ফলা জলীয়বাষ্পের মতো!
বিজয়ের উৎসুক্য আনন্দ কিংবা ন্যায্য অধিকারের স্বাধীনতা ছাপিয়ে,
সর্বত্র ক্রিয়াশীল হয় অদ্ভুত এক নিস্তব্ধতা!
দেশপ্রেম নামক চাঁদের গায়ে লেগে যায় চিরাচরিত কলঙ্কের ভূষণ!
জনগণ নামক রূপোর থালায় কেবল রূপকথার মতো কল্পনা সাজে!
তবুও ষড়যন্ত্রকে তাড়িয়ে নীরবতার নাম বিষণ্ণতা রাখার বায়না সমেত হাজির হয় সুখ!
যদিও বনস্পতির উদরে ফুলের ভ্রুণ নিরুদ্দেশ!
সেথায় গোটা গোটা অক্ষরে লেখা থাকে,
'ফল' নামক রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ আইন নয় রাজনৈতিক ঔষধি!
সাংবিধানিক প্রশব বেদনা ছাড়াই,
সরাসরি গণঅভ্যুত্থানের জরায়ুতে যেমন জন্ম নেয় অরাজনৈতিক বৈধ শিশু!
যাকে নিয়ে যার যা খুশি তাই এর সাপলুডু খেলে প্রশাসন!
তড়িঘড়ি করে ছাত্র-জনতার রক্তেমাখা হাত মুছে নেয়
সশস্ত্র বাহিনী!
মুহূর্তেই ছুমন্তর হয়ে যায় বিপ্লবী স্বপ্ন!
হাঁটুভাঙা দ এর মতো জি হুজুর জি হুজুর করে মানবতার সরকার!
একদিকে দেশি-বিদেশি শক্তির বিস্তর প্রতিপত্তি!
অপরদিকে চিন্তাশীল বিচক্ষণতার অভাবের সাথে,
সাহসের বিচ্যুতি ফ্যাসিস্টমুক্ত দিনগুলোকেও পরিণত করে ফেলে রাতের অন্ধকারে !
উলুবনে মুক্তো ছড়ানোর মতো শহিদদের জীবনগুলো বুঝি,
ব্যর্থতার নামে ইতিহাস লিখবে!
না জানি গণতন্ত্রকামী বুভুক্ষু জনগোষ্ঠীর পাকস্থলীতে,
চিরাচরিত নিয়মের কলঙ্কই চিরস্থায়ী হবে!
না জানি বৃষ্টির তৃষ্ণা বুকে নিয়ে,
পুনরায় ঘুমিয়ে থাকবে বৃষ্টিবিহীন বৈষম্য বিরোধী নিস্ফলা জলীয়বাষ্প!